বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিনের নিয়োগের প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন করবে সরকার। তবে সংশোধনের পরও তার নিয়োগ বহাল থাকবে।
রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগের প্রজ্ঞাপনে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর উল্লেখ করা হয়েছে। কিন্তু আইনটি জাতীয় সংসদে পাস হলেও এখনো কার্যকর হয়নি। বিষয়টি সামনে আসার পর প্রজ্ঞাপনটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাজী জেসিনই বিটিভির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করবেন। শুধু নিয়োগের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত বৃহস্পতিবার কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তার নিয়োগের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে।
বিটিভির ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিধি ও প্রবিধানসংক্রান্ত অন্তত ২২টি দলিল থাকলেও ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আইনটি জাতীয় সংসদে পাস করা হয়েছিল। তবে আইনটি কার্যকর করতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির বিধান রাখা হয়।
আইনে বলা হয়েছে, ‘সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে।’
তবে সংসদে আইনটি পাস হওয়ার পর প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও কোনো সরকারই তা কার্যকর করতে গেজেট প্রজ্ঞাপন জারি করেনি। ফলে আইনটি সংসদে পাস হলেও এখনো কার্যকর হয়নি। অথচ ওই আইনের উল্লেখ করেই কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রজ্ঞাপনের আইনি ত্রুটি সংশোধনের জন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না। একই স্মারক নম্বরের অধীনে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপনটি প্রতিস্থাপন করা হবে।
মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন করা হলেও কাজী জেসিনের নিয়োগের ওপর এর কোনো প্রভাব পড়বে না। তিনি বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন।
