ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বোমা-গুলিতে গাজায় নিহত হয়েছেন ৭১ জন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন এবং আহত হয়েছেন আরো ১ লাখ ৪ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি।
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বোমা-গুলিতে গাজায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন আরো ১৭৬ জন ফিলিস্তিনি। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।
২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
আরো পড়ুন : ইসরায়েলকে রক্ষায় ৪৯ বার জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটো!
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও গাজায় হামলা অব্যাহত রেখেছে। গাজার প্রায় ২০ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজায় ইসরায়েলি হামলার কারণে প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটের মধ্যে গাজার মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল।
