ট্রাম্পের দাবি নাকচ, আলোচনায় অস্বীকৃতি ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে খুব সুন্দর আলোচনা এগোচ্ছে এবং তেহরান তাঁর ১৫ দফা শর্ত মেনে নিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, প্রস্তাব মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ হয়নি। তবে পাকিস্তানসহ কিছু মধ্যস্থতাকারী দেশ তাদের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার আত্মরক্ষা। অতীতে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন তারা সতর্ক অবস্থানে রয়েছে।
আরো পড়ুন : ট্রাম্পকে রাজি করাতে পাকিস্তানের নেপথ্য কৌশল
অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই একটি চুক্তি হতে পারে। ট্রাম্পও দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফের সঙ্গে যোগাযোগ রাখছে।
তবে এসব দাবি উড়িয়ে দিয়ে গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শত্রুপক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বড় ধরনের ভুল করছে।
এদিকে, ইরানে বর্তমানে সাড়ে ৩ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন ত্রিপোলি যুদ্ধজাহাজও সেখানে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ইরানের মাটিতে মার্কিন সেনা নামানো হতে পারে, এমন জল্পনাও আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে।
