×

মধ্যপ্রাচ্য

আমিরাতের ভিসার নিয়মে এলো বড় পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

আমিরাতের ভিসার নিয়মে এলো বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ, ভ্রমণ ও বসবাসের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ২০২৬ সালে ভিসা নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অন-অ্যারাইভাল ভিসা, পর্যটন ভিসা, আবাসন অনুমতি, ওভারস্টে জরিমানা, স্মার্ট মেডিকেল ভিসা এবং জনস্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত নতুন নিয়ম ইতোমধ্যে কার্যকর হয়েছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এবং দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব পরিবর্তন কার্যকর করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল এন্ট্রি ভিসার সুবিধা আরও বিস্তৃত করা হয়েছে। আগে নির্দিষ্ট শর্তে কেবল ভারতীয় নাগরিকরা এ সুবিধা পেতেন। এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এর আওতায় এসেছেন।

এছাড়া যোগ্য আবেদনকারীদের বসবাসের দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুবাই ভ্রমণকারীদের জন্য পর্যটন ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনুমোদিত ট্রাভেল এজেন্সি বা পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে এখন ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশের (সিঙ্গেল-এন্ট্রি) পর্যটন ভিসা পাওয়া যাচ্ছে। এ ভিসার মেয়াদ ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত হতে পারে।

দুই বছরের সম্পত্তিভিত্তিক রেসিডেন্সি পারমিটের শর্তেও পরিবর্তন আনা হয়েছে। একক মালিকানার ক্ষেত্রে আগের ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে।

যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক অংশীদারের মালিকানার অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে।

আঞ্চলিক আকাশপথে বিঘ্ন এবং ফ্লাইট বাতিলের কারণে যেসব দর্শনার্থী ওভারস্টে জরিমানায় সাময়িক ছাড় পেয়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আইসিপি জানিয়েছে, আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।

চিকিৎসা পর্যটনকে আরও সহজ করতে দুবাইয়ে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জিডিআরএফএ এবং দুবাই হেলথ অথরিটির যৌথ উদ্যোগে রোগীদের ভিসা, আবাসন, চিকিৎসা ও চিকিৎসা-পরবর্তী সেবাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং আইসিপির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।

সূত্র: খালিজ টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

স্পিকার ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

স্পিকার ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App