মক্কায় রেড অ্যালার্ট জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সৌদি আরবের আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা। চরম ঝুঁকিপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দিলে এ সতর্কতা জারি করা হয়।
মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরে আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কাও তৈরি হয়েছে।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার সময় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলতে হবে।
