ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি : সংগৃহীত
ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়লেও উদ্ধারকারী দল দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও তদন্ত এগিয়ে গেলে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি ট্যাংকারসহ ভারী যানবাহনের দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং ভারী যান চলাচলকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রীবাহী একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি একটি বড় উদ্বেগের বিষয়। সড়কের অবস্থা, যানবাহনের ত্রুটি এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে দেশটিতে।
সূত্র: আল জাজিরা।
