মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
ছবি : সংগৃহীত
মাদক পাচারের মামলায় মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এই সাজা দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, সারাহ খলিফা ও মামলার অন্য আসামিরা একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি মাদক তৈরির কাঁচামাল আমদানি করে তা দিয়ে মাদক প্রস্তুত ও বিক্রি করত। তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার জন্য পরিচিত। ওই অনুষ্ঠানে বিভিন্ন অপরাধসংক্রান্ত বিষয় তুলে ধরা হতো। তবে নিজের বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
আদালত গত মাসে এ মামলার রায় ঘোষণা করেছিল। তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মিসরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়া হয়। দেশটিতে মৃত্যুদণ্ডের মামলায় এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। এক মাস পর সেই মতামত পাওয়ার পর আদালত আনুষ্ঠানিকভাবে রায় নিশ্চিত করে।
বিচার চলাকালে আদালতকে জানানো হয়, আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক এবং মাদক তৈরিতে ব্যবহারের জন্য আমদানি করা কাঁচামাল জব্দ করেছে কর্তৃপক্ষ। মামলায় ২০ জন সাক্ষীর বক্তব্যও গ্রহণ করা হয়েছে।
আল-আহরামের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কথোপকথন ও ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার আল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মামলার শুনানির সময় বিচারক সারাহ খলিফার কাছে তার কথিত ভূমিকা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি দাবি করেন, এর আগে তিনি কখনো মাদক দেখেননি। মাদকবিরোধী কর্তৃপক্ষের কার্যালয়ে সেগুলোর সঙ্গে ছবি তোলার সময়ই প্রথম তিনি মাদক দেখেছেন।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর মিসরে ৪৯২টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: বিবিসি
