ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ইয়েমেনের এডেন শহরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে হুতিদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এডেনের আল-মাশিক প্রাসাদের একটি সামরিক অভিযান পরিচালনাকেন্দ্রে হামলা হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী অক্ষত রয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া আবহা ও দাম্মাম বিমানবন্দর এবং দাহরানে সৌদি আরামকোর কার্যালয়েও হামলা চালানোর খবর পাওয়া গেছে।
