স্কুলে জলাবদ্ধতা, মাঠ ভরাট ও রাস্তা উন্মুক্তের দাবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টায় বিদ্যালয় মাঠসংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন বাপ্পি মিয়া, হাফেজ উদ্দিন, জহুরুল ইসলাম, আবু রায়হান, আনিস মিয়া, ঝুনু মিয়া ও তারেক হোসেন।
বক্তারা বলেন, ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে প্রায় দুই ফুট পানি জমে রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিকভাবে মাঠের বাইরেও বের হতে পারছে না।
তারা আরও বলেন, প্রায় দুই বছর আগে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়। এর আগে বিদ্যালয়ের জায়গার ওপর দিয়ে একটি সরকারি রাস্তা ছিল। ভবন নির্মাণের কারণে ওই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীও চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করা এবং বিদ্যালয় মাঠে দ্রুত মাটি ভরাটের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন বলেন, বিদ্যালয় মাঠে মাটি ভরাটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
