×

ময়মনসিংহ

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

Icon

বিল্লাল হোসেন মণ্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মিজানুর রহমান (৩১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফসলি জমি ও গ্রামীণ সড়কের ক্ষতিসাধন এবং জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চর রাজীবপুর গ্রামের বছিউজ্জামানের ছেলে।

রোববার বিকেলে উপজেলার ডাংধারা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে বাঘারচর সরকারপাড়া এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। ভারী ভেকু মেশিন ও ড্রাম ট্রাক চলাচলের কারণে একদিকে কৃষিজমির উৎপাদনক্ষমতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে স্থানীয় গ্রামীণ সড়কগুলোরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এ ছাড়া নির্বিচারে মাটি কাটার ফলে ফসলি জমির মূল শ্রেণি পরিবর্তিত হয়ে যাচ্ছিল।

গত ৩ জুন দৈনিক ভোরের কাগজে ‘উর্বর মাটি কাটছে চক্র, বিপন্ন হচ্ছে কৃষিজমি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সূত্র ধরে রোববার বিকেলে বাঘারচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে আগামীতেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে রাতেই জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

সংসদে শিক্ষামন্ত্রী বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App