পুকুরে ছেলের মরদেহ, মাকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ (জামালপুর)
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। এর আগে সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শ্রাবন্তী বেগম একই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। নিহত শিশুর নাম শাওন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল। রোববার ভোরে শ্রাবন্তী আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজন আনোয়ারা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্রাবন্তী সংসার করতে অনাগ্রহী ছিলেন। তাঁর দাবি, বিয়ের আগেই শ্রাবন্তীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবং সেই কারণেই শিশুটিকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
নিহতের ফুফু সুমাইয়া বলেন, গত রাতেও ভাতিজার সঙ্গে খেলেছি। সকালে শুনি, সে আর নেই। আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
