নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
শেরপুর প্রতিনিধি:
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় পার হলেও দুই শিশু বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
এলাকাবাসীর ভাষ্য, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
