বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার সোহেল মিয়া পৌর শহরের চরভাবসোর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর শহরের বাদেশষারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল মিয়াকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
