×

ময়মনসিংহ

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে জানা যায়, মারামারিতে জড়ানো দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী।

ঘটনাটি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম।

পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ে তাঁদের মধ্যে প্রায়ই এমন ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আফজাল হোসেন স্বীকার করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকেন এবং এ নিয়ে আদালতে মামলাও চলছে। ২০১১ সালের দিকে তাঁরা দুজন একই বিদ্যালয়ে যোগ দেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, ঘটনার দিনও পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে মারামারি হয়। এ সময় সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনি নিজেই ভিডিওটি ধারণ করান। তবে বিদ্যালয়ের ভেতরে এ ধরনের আচরণ করা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক আসমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ব্যবস্থা নেওয়ার কথা শিক্ষা কর্মকর্তার

ঘটনার বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে।

বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

এদিকে, নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’র মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, দুই শিক্ষকের মারামারির ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি অপ্রত্যাশিত। শিক্ষকদের এমন আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

২ শিক্ষকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App