মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
জহিরুল ইসলামে। ছবি: ভোরের কাগজ
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তীব্র সমালোচনা শুরু হলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
সম্প্রতি জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
