করোনা শনাক্ত কমে ৬৯, মৃত্যু ১
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৫:০০ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৬৫৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৬১টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৩০৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৯ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
