বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন হোক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১০:১৫ পিএম
অরিন্দম বাগচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক- আবারো এমনটাই আশা করছে ভারত। এসময় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কিছু বলতে চাননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
শুক্রবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।
‘কয়েক দিন আগেই এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন তিনি। সেই মনোভাব এখনো অপরিবর্তিত। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়’ - অরিন্দম বাগচি মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত
রাখঢাক না রেখে সাংবাদিকদের সামনে স্পষ্ট করে মুখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কি না, সে বিষয়টি সে দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সঙ্গত নয়।
তিনি আরো বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তিনি চানও না। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।
প্রসঙ্গত, সম্প্রতি এক সর্বভারতীয় দৈনিকের উপসম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছিল, বাংলাদেশে নির্বাচনী জটিলতাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিতে পারে।
