ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
পুরনো ছবি
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে চলতি বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২২ দিন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কঠোর নজর রাখবেন। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা দেয়া হবে।
বুধবার দুপুরে (২০ সেপ্টম্বর) ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীতে ছুটে আসে। এসময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় চলতি বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দপ্তর, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিত উদ্যোগে অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা কার্যকর এবং এসময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নানাবিধ উদ্যোগে ইলিশ উৎপাদন বৃদ্ধির কারণে গ্রামগঞ্জে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। রপ্তানিও করা হচ্ছে। ইলিশ রক্ষায়, ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেয়া হবে। দিনে অভিযানের পাশাপাশি রাতেও অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বরফ কল বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। গত বছরের ন্যায় এবারও অবৈধ জাল উৎপাদনস্থলে অভিযান পরিচালনা করা হবে।
অবৈধ পথে ইলিশ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশ সম্পৃক্ত জেলা উপজেলায় নদীতে ড্রেজিং বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। ইলিশের নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে। এছাড়া মাছ ধরা বন্ধের সময় যাচাই-বাছাই করে নিবন্ধিত জেলেদের নানাভাবে সুযোগ-সুবিধা দেয়া হয় থাকে। একইসঙ্গে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
