রাজনীতি করলে আপন মানুষও বিরুদ্ধে যেতে পারে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৫:৫৩ পিএম
সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ও তার মা বিদিশা সিদ্দিকের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আমি কাদা ছোঁড়াছুড়ি করছি না। আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। এসময় জামালপুর জেলার জেপি ও বিজেপি থেকে ২০ জন আইনজীবী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেন।
এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাপা চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দিবে। আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিলো এবং আছে।
এরিক এরশাদ ও বিদিশা সিদ্দিক প্রসঙ্গে জিএম কাদের আরো বলেন, আমাকে নিয়ে কে কি বলেলো, তা নিয়ে ভীষণভাবে মগ্ন থাকলে, দেশের জন্য, জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি।
জাপা চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাধা সৃষ্টি করবে। সেগুলো আমরা যথাযথ ভাবে নিষ্পত্তি করবো। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আগামী দিনের রাজনীতির নেতৃত্ব জাতীয় পার্টির হাতে। তাই দল আরো শক্তিশালী করতে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
