দেশে সোয়াইন ফ্লুর কোনো অস্তিত্ব নেই
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:৩০ পিএম
আইইডিসিআরের সংবাদ সম্মেলন- ছবি: ভোরের কাগজ
দেশে সোয়াইন ফ্লুর কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে এখন যে অসুখ হচ্ছে তা এইচ-১ এন-১ বা সিজনাল ইনফ্লুয়েঞ্জা। এইচ-১ এন-১ কে আগে সোয়াইন ফ্লু বলা হলেও এখন আর তা বলা ঠিক নয়। কারণ বিশ্বের সব দেশেই এটা এখন সিজনাল ইনফ্লুয়েঞ্জা হিসেবে শনাক্ত এবং এর সঙ্গে সোয়াইন ফ্লুর কোনও সর্ম্পক নেই। এবং এতে ভয়েরও কিছু নেই।
রবিবার (৪ জানুয়ারি) আইইডিসিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই ইনফ্লুয়েঞ্জা আমাদের দেশে কমন। সারা বছরই থাকতে পারে। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরে তা বেড়ে যায়। তবে এতে ভয়ের কিছু নেই। এরপরও ফুসফুসের সমস্যা, অ্যাজমা-শ্বাসকষ্ট, ব্রংকিউলাইটিস, ৬৫ বছরের বেশি বয়সী, হার্ট-কিডনি রোগী, এইচআইভি এইডস, শিশু, গর্ভবতী নারী এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তা ঝুঁকির কারণ। সতর্ক হলেই এরোগের প্রতিরোধ সম্ভব। সিজনাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এবং ওষুধ রয়েছে পর্যাপ্ত। দুশ্চিন্তার কোনও কারণ নেই।
সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি সোয়াইন ফ্লুতে নয় শ্বাসতন্ত্রের জটিলতায় মারা গেছেন। তিনি আগে থেকেই অ্যাজমায় আক্রান্ত ছিলেন। এইচ-১ এন-১ পজিটিভ হওয়ার পর তা জটিল হয় বলে জানান আইইডিসিআর পরিচালক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই সংসদ সদস্য মারা যান। বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. কামরুল হুদা সাংবাদিকদের জানান, সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে বাপ্পির মৃত্যু হয়। এরপরই দেশে সোয়াইন ফ্লু ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দেয়।
