ভারতের কাছে চিনি ও পেঁয়াজ চেয়েছে বাংলাদেশ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম
রমজানের আগে ভারতকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনি আমদানির চাহিদার কথা জানিয়েছে বাংলাদেশ। দিল্লিকে এ সংক্রান্ত অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারত ইতিমধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে। দিল্লি সফর শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা অনেক ভোগ্যপণ্যের জন্যই ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল ও মসলা জাতীয় পণ্য। আমরা অনেক কিছুর জন্যই ভারতের ওপর নির্ভরশীল। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।’
হাছান মাহমুদ বলেন, ‘আমি তাকে বলেছি এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেয়া হয়। যাতে আমরা তাদের থেকে এসব সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।’
তিনি আরো বলেন, রমজানের আগে তারা ইতিমধ্যে আমাদের দেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেটাকে বর্ধিত করে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিক টন চিনির কথা বলেছি। ভারতের বাণিজ্যমন্ত্রী সেটিকে ভালোভাবেই নিয়েছেন।
