×

জাতীয়

পলকের শ্যালককে ইসির তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৬:০২ পিএম

পলকের শ্যালককে ইসির তলব

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের পর মারধরের ঘটনায় অপর চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফুল হাবিবকে আগামী সোমবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নির্বাচন কমিশন ঘটনার ‘প্রাথমিক সত্যতা’ পেয়ে এ তলব করেছে বলে জানা গেছে।

এর আগে, নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে সোমবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে ফেলে যায় তারা। ওই প্রার্থীকে মারধরের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার জন্য চেয়ারম্যান পদের আরেক প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেছে ভুক্তভোগী দেলোয়ার হোসেনের পরিবার। রুবেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের শ্যালক।

গত মঙ্গলবার দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবিব রুবেলের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছে। এরপরই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে ইতিমধ্যে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন।

ইসির চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচিত্র বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন ও গণমাধ্যমে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে।

এমন ঘটনার জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল বা আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে ২২ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মনোনয়ন পত্র দাখিলের কারণে নাটোর জেলা নির্বাচন অফিসের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মাইক্রোবাসের ভেতর মারধর করার পর তাকে আরেকটি মাইক্রোবাসে তুলে বাড়ির সামনে ফেলে রেখে যায় তারা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App