৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১০:৪৬ এএম
ছবি : সংগৃহীত
দুপুরের মধ্যেই দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে মৌসুমি বায়ু আগেভাগেই চলে আসায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ঢাকাসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে যে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুন : টানা ৩ দিন ঝড়বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা ও খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী এবং আরো ১৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকবে। তবে আজ বুধবার ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
