প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলেসহ ৩ আসামির জামিন নামঞ্জুর
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বিসিএসসহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের মামলার প্রধান আসামি সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন-মো. সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন। তারা সম্পর্কে দুই ভাই।
এর আগে মঙ্গলবার (৯ জুলাই) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন সাখাওয়াত ও সায়েম। সেই সঙ্গে পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
এছাড়া পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, পিএসসি কর্মকর্তা মো. খলিলুর রহমান, মো. সাজেদুল ইসলাম ও লিটন সরকার অপর চার ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।
ইতোমধ্যে মামলার অপর ১১ আসামি মো. নোমান সিদ্দিক, জাহাঙ্গীর আলম, এসএম আলমগীর কবির, প্রিয়নাথ রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আবু জাফর, মো. শাহাদাত হোসেন, মো. মামুনুর রশিদ, নিয়ামুল হাসান, সৈয়দ সোহানুর রহমান সিয়াম ও আবু সোলেমান মো. সোহেলকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত রোববার বিসিএসহ ৩০টি নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন চ্যানেল। পরের দিন পিএসসির ৬ কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। ওই দিনই পল্টন থানায় মামলা করে আইন প্রয়োগকারী সংস্থাটি।
উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
