কোটা আন্দোলন
আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা বাতিল চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে না। তবে আন্দোলনকারীদের আরো ধৈর্য ধারণ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু রাস্তা অবরোধ করলে সবাই দুর্ভোগে পড়বে। বিষয়টা মাথায় রাখতে হবে। পুলিশ সবার বন্ধু। শিক্ষার্থীদের উসকানি দিয়ে কেউ যাতে উত্তেজিত করতে না পারে, সেজন্য কাজ করছে তারা।
প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে আগেও কঠোর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এখনও আছে, আগামীতেও থাকবে।
