×

জাতীয়

ফেসবুক-টিকটক-ইউটিউবকে তলব, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিটিআরসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

ফেসবুক-টিকটক-ইউটিউবকে তলব, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিটিআরসির

ছবি: সংগৃহীত

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ফেসবুকের অসহযোগিতামূলক আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। সংস্থাটির পক্ষ থেকে দফায় দফায় ফেসবুক, টিকটক, ইউটিউবকে নির্দেশনা দেয়া হলেও সহিংসতামূলক কনটেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগমাধ্যম। তাই এ তিন শীর্ষ সোশ্যাল মিডিয়াকে তলব করেছে বিটিআরসি। 

তারা নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উসকানি ও সহিংসতামূলক প্রচার-প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে, ফেসবুক-টিকটক কর্তৃপক্ষের কাছে তার জবাব চাইবে বিটিআরসি। তারা জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন । সংস্থাটির সংশ্লিষ্ট দুটি উইংয়ের (শাখা) দুজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বুধবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওই সময় তিনি বলেছিলেন, রবিবার (২৮ জুলাই) বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কীভাবে, কী ধরনের চিঠি দেয়া হবে। বার্তা পাঠানোর পর তাদের তিনদিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে।

কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে? এমন প্রশ্নের জবাবে পলক বলেন, তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখবো। কী ব্যবস্থা নেয়া হবে, কী রেসট্রিকশন (নিষেধাজ্ঞা) দেয়া হবে, সেটা তখন ভাবা হবে।

সোশ্যাল মিডিয়া; বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহি নেই। না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য প্রতিষ্ঠানের কাছে আছে। ফেসবুক-টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না।

তিনি আরো বলেন, তারা একেক দেশের জন্য একেক ধরনের আচরণ করে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার হচ্ছে, সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। ইসরায়েল যে ফিলিস্তিনের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে, সেখানে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তাদের ভূমিকাটা কী? অথচ আমাদের এখানে র‌্যাবের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে; সেই ভিডিওগুলো ছড়িয়ে উসকানি ছড়িয়ে দেয়া হচ্ছে, সেগুলো ব্লক করা হচ্ছে না। যে গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য-উপাত্ত, ভয়ানক হত্যাকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো বিটিআরসি থেকে বারবার বলার পরও তারা ব্লক করছে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বিটিআরসির নেয়া উদ্যোগের ওপর সন্দেহ প্রকাশ করে বলেছেন, কোনো কিছু বন্ধ করে দেয়াটাই সমাধান নয়। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারাটা সাফল্য। যতদিন এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশে তাদের কোনো অফিস স্থাপন না করবে, ততদিন তাদের থেকে ভালো রেসপন্স পাওয়া কষ্টসাধ্য। এছাড়া বিটিআরসিকে আরো তৎপর হতে হবে এবং ব্যবহারকারীদের সচেতন করতে আরো বড় পরিসরে সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন এ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি গত ১৮ জুলাই রাত থেকে দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। পাঁচদিন পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে সরকার। ২৪ জুলাই রাত থেকে সব জায়গায় ব্রডব্যান্ড চালু করে দেয়া হয়।

বিটিআরসি জানিয়েছে, আগামী রবি বা সোমবার (২৮ বা ২৯ জুলাই) মোবাইল ইন্টারনেট চালু করে দেয়া হতে পারে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আপাতত বন্ধই থাকছে। তবে বিটিআরসি ফেসবুকসহ সামাজিক মাধ্যম বন্ধ রাখলেও ভিপিএন ব্যবহার করে বহু ব্যবহারকারী এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। গত দুদিনে পর্যায়ক্রমে ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App