সাইন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম
ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিকে সমর্থন জানিয়ে আজ (রবিবার ৪ আগস্ট) রাজধানীর সাইন্সল্যাবে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়।
সকাল সাড়ে এগারোটার দিকে সাইন্সল্যাবের বাটা সিগন্যালের দিকে সংঘর্ষ ও ইট-পাটকেল ছুঁড়োছুড়ি করে শিক্ষার্থী ও ছাত্রলীগের দুই পক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।
এদিকে সাইন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব থাকতে দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরো পড়ুন: শাহবাগে সংঘর্ষে আহত ৫ জন ঢামেকে ভর্তি
আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম। তখন আমাদের নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখন এক দফা এক দাবি আর কোনো আপস হবে না। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। বাংলার মাটিতেই খুনিদের বিচার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) বিকেলে কোনো ধরনের ট্যাক্স প্রদান না করাসহ অসহযোগ আন্দোলন পালন করতে ছাত্র-জনতাকে একদফা নির্দেশনা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ওইদিন কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইল।
