দেশজুড়ে ৪১৭ থানায় সেনা মোতায়েন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
জনসাধারণের জানমাল ও বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় দেশজুড়ে স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে।
আরো পড়ুন: ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম চালুর বিষয়ে যা জানা গেল
সেইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী প্রতিহত করে। এছাড়াও কক্সবাজারে অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ পেট্রোল পরিচালনা করে।
আইএসপিআর আরো জানায়, রাজধানী ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। এতে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে। সেইসঙ্গে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে। দেশবাসীকে এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করা হলো। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলেও জানায় আইএসপিআর।
