১৫ আগস্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
১৫ আগস্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর সদস্যদের খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা (১৫ আগস্ট নিয়ে) এখনই আমি বলতে পারব না। আজকে আমরা বিকেলে বসব, সেখানে আলোচনা হবে। যেটাই হয় আমরা নির্ধারণ করব, সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে।
আরো পড়ুন: সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের যোগদান সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, সবাই যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারব কয়জন এসেছে, কয়জন আসেনি। আর আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে আছে।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে। আর পুলিশ তো অনুতপ্ত। আমি তোমাদের কয়জনকে দাওয়াত করি, আমরা একসঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাব।
