পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেপ্তার ২
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগান থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শুভ ও মো. শাকিল হোসেন।
এসময় তাদের হেফাজত থেকে দুইটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুইটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা , তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪৫ মিনিটে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে কলাবাগান থানা ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমে পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
