চাকরি ছাড়া নিয়ে মুখ খুললেন আবু সাঈদের দুই ভাই
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন চাকরি ছেড়েছেন। ইতোমধ্যে নিজেদের পদত্যাগপত্র ই-মেইল ও ডাকযোগে বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন তারা।
গত ৯ অক্টোবর পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে তার দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর নিয়োগপত্র দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে তা দেয়া হয়।
আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা এবং আবু হোসেনকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর এক্সিকিউটিভ কর্মকর্তা করা হয়। তাদের কর্মস্থল বলা হয় রংপুরে; কিন্তু কী কাজ জানেন না। তাই তারা কর্মস্থলে যোগদান করেননি। পরের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পান শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন।
গত ৮ নভেম্বর বসুন্ধরা গ্রুপের ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রমজান আলী ও আবু হোসেন। এ নিয়ে আবু হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না তারা। তাই কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাঈদের আত্মত্যাগের মহিমাকে প্রশ্নবিদ্ধ করতে চান না।
আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আমরা দুই ভাই চাকরি ছেড়ে দিয়েছি। কাজ না করে শুধু বেতন নেয়াটা ঠিক হবে না। আমাদের কী চাকরি দেয়া হয়েছে তা জানি না এবং কী কাজ সেটাও জানি না। বসে বসে বেতন নেয়াটা ঠিক হবে না বলে এই সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, বেরোবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন। পরে আন্দোলন আরো বেগবান হয়। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
