প্রধান উপদেষ্টার ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য, বলেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা দেবে।
রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রফেসর ইউনূসের ভিশনকে গুরুত্ব দেয়। অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায়, তা বুঝে যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করবে।
ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে যুক্তরাজ্য আগামী দিনে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
