১৪ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
একই জেলায় বাবরি মসজিদ ও রাম মন্দির গড়ার ঘোষণা
বাংলাদেশে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও প্রতিবাদের মধ্যে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর হঠাৎ ঘোষণা দেন, এবার পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ তৈরি করা হবে! তার এই মন্তব্যে রাজ্যের রাজনীতির উত্তাপ বাড়তে শুরু করে। একাধিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া ও প্রশ্ন তুলতে দেখা যায়।
টানা দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বোচ্চ এক ভরিতে এক হাজার ৭৭৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম হবে ১,৩৮,৪৯৮ টাকা।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জোর করে খাটানো, মামলার অনুমতি আদালতের
মালয়েশিয়ার আপিল আদালত জোরপূর্বক শ্রমের অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী কোম্পানি ডাইসনের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালত এই অনুমতি দেন।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে যা আছে
২০২৩ সালে বাংলাদেশে সেভাবে কোনো সন্ত্রাসী তৎপরতা ঘটেনি, তবে তৎকালীন সরকার সন্ত্রাসবাদের নামে বিরোধীদলীয় অনেক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০২৩’ নামের এই প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: গ্রেপ্তার ৪
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও মন্দির ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একাত্তরের যে ঘটনা বিজয়ের আনন্দকে মলিন করেছিল
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে নিজের পিস্তল তুলে দিয়ে যখন আত্মসমর্পণ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী। সেদিন ঢাকার রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার মানুষ। একের পর এক আনন্দ মিছিলে মুখরিত হয়ে উঠেছিল অলিগলি-রাজপথ।
আল্লু অর্জুনকে নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা
আল্লু অর্জুনকে গ্রেপ্তার অতঃপর অন্তর্বর্তী জামিন এসব বিষয়ে মুখ খুলেছেন নায়িকা রাশমিকা মান্দানা। এক ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা লেখেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়া হল। দুটি ঘটনায় আমি মর্মাহত।’
ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই’র ‘অসহযোগী’ তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।
হেলাল হাফিজকে মরণোত্তর সম্মাননা দেয়ার ইঙ্গিত উপদেষ্টা ফারুকীর
কবি হেলাল হাফিজ বেঁচে থাকা অবস্থায় একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার, কোনোটাই পাননি। অথচ কবি হিসেবে স্পর্শ করেছিলেন খ্যাতির চূড়া। তার মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ইঙ্গিত দিয়েছেন, কবিকে মরণোত্তর সম্মাননা দেয়া হতে পারে।
ক্ষুব্ধ ঋতুপর্ণা, বাংলাদেশের ছবিতে কাজ করা প্রসঙ্গে যা বললেন
গত জুলাই-আগস্ট বিপ্লবের আগে বাংলাদেশ থেকে একটি ছবিতে কাজ করার প্রস্তাব যায় ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে। এ বিষয়ে তিনি বলেন, আমি এতে রাজি হইনি। এ নিয়ে নির্মাতা রাশিদ পলাশের সঙ্গে যোগাযোগও হয় ঋতুপর্ণার। কিন্তু নির্মাতা জানান, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে, নিরাপত্তা ইস্যু তুলে ঋতুপর্ণাকে ছবি থেকে বাদ দেয়া হচ্ছে, পরিবর্তে রাখা হয়েছে টালিউডের শ্রীলেখা মিত্রকে।
বেতন দিতে না পারলে গণমাধ্যম বন্ধ করে দিন: শফিকুল আলম
গণমাধ্যম মালিকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা বেতন দিতে পারবেন না, তাদের গণমাধ্যম চালানোর দরকার নেই। বন্ধ করে দিন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
