×

জাতীয়

ঘণ্টায় ব্যয় ১২৫০ ডলার

এস আলমের মামলা লড়বে ব্রিটিশ ল ফার্ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

এস আলমের মামলা লড়বে ব্রিটিশ ল ফার্ম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সালিশি আদালতে (আইসিএসআইডি) এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের দায়ের করা মামলার বিরুদ্ধে আইনিভাবে লড়তে ব্রিটিশ একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। এই আইনি লড়াইয়ে সংশ্লিষ্ট ল ফার্মকে ঘণ্টায় ১২৫০ মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ল ফার্ম নিয়োগ এবং অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দায়ের করা আরবিট্রেশন মামলা নম্বর এআরবি/২৫/৫২ পরিচালনার জন্য আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ ও আইনি সেবা ক্রয়ের একটি প্রস্তাব বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ব্রিটিশ ল ফার্ম হোয়াইট অ্যান্ড কেইস এলএলপিকে নিয়োগের অনুমোদন দেয়। ল ফার্মটির সেবার জন্য ঘণ্টায় ১২৫০ ডলার দিতে হবে।

জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে ওয়াশিংটনে অবস্থিত আইসিএসআইডিতে এস আলম ও তার পরিবারের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে সালিশি মামলার আবেদন জমা দেন। আবেদনে অভিযোগ করা হয়, অবৈধ অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ সরকার যে সম্পদ জব্দ, বাজেয়াপ্ত এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তার ফলে তাদের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সালিশি আবেদনে এস আলম পরিবার দাবি করেছে, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে ব্যাংক হিসাব জব্দ, সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যবসায়িক কার্যক্রমে ‘ভিত্তিহীন’ তদন্ত ও ‘প্ররোচনামূলক মিডিয়া অভিযান’ পরিচালনা করছে। এসব পদক্ষেপকে তারা আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থ পাচারের ব্যাপারে এস আলম সম্ভবত একটি মামলা লন্ডনে করেছে এবং চ্যালেঞ্জ করেছে আইসিএসআইডিতে। ওদের লিগাল চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একজন ব্রিটিশ ল ফার্মকে নিযুক্ত করছি।

কারণ এটি বহু টাকার ব্যাপার এবং আইসিএসআইডি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম।

কোন দেশ ও কোন প্রতিষ্ঠান নিয়োগ পেয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নামটি এখন মনে নেই, তবে এটি একটি ব্রিটিশ ল ফার্ম।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির প্রিন্স-তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

সৌদির প্রিন্স-তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

 জাতীয় নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান: জাসদ

জাতীয় নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান: জাসদ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে চাপ দিচ্ছে ইসরায়েল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে চাপ দিচ্ছে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App