ত্রয়োদশ নির্বাচন
সারাদেশে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি তদারকির পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রন্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
‘জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।’
নির্বাচনী দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। এ ছাড়া দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
পাশাপাশি তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলেও উল্লেখ করা হয়েছে।
