কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক
লন্ডন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির
২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ দিতে পাঁচ দিনের সফরে লন্ডন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামী ৮ মার্চ লন্ডনের ল্যানকেস্টার হাউজে অনুষ্ঠেয় বৈঠকে তাদের যোগ দেয়ার কথা রয়েছে।
কমনওয়েলথের এই গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশে আগামী ৬ মার্চ তারা লন্ডন যাবেন। এই বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশের মন্ত্রী ও উপদেষ্টার একাধিক ‘সাইডলাইন’ বৈঠকেরও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার (৬ মার্চ) লন্ডনের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুইজন কর্মকর্তা সঙ্গী হবেন। ১০ মার্চ তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।
২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এবারের বৈঠকটি রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে। বিভিন্ন সেগমেন্টে এই বৈঠক চলবে বিকেল পর্যন্ত। শুরুর দিন সকালে সামোয়ার অর্থমন্ত্রী মুলিপোলা আনারোসা আলে মোলিও পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটে স্বাগত জানাবেন এবং বক্তব্য রাখবেন। এরপর কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে তার বক্তব্য রাখবেন।
এবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে কমনওয়েলথের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অভিন্ন সমৃদ্ধির জন্য রূপান্তরমূলক সমাধান নিয়ে আলোচনা করবেন।
আর কমনওয়েলথভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এটি হবে মহাসচিব বোচওয়ের দ্বিতীয় বৈঠক।
এদিকে, ৫ মার্চ থেকে দিল্লিতে ‘রাইসিনা সংলাপ’ শিরোনামে ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতি সম্পর্কিত ভারতের অন্যতম যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে আমন্ত্রণ পেয়েও ড. খলিলুর রহমান যোগ দিচ্ছেন না বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এবারের ‘রাইসিনা সংলাপ’ আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ নেতা, কূটনীতিবিদ এবং বিশেষজ্ঞরা অংশ নিলেও, বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।
