জাতিসংঘে বর্ণবাদবিরোধী অবস্থান বাংলাদেশের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের বিষয়টি তুলে ধরে এ ক্ষেত্রে দেশের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের বিষয়েও আলোকপাত করেন। মন্ত্রী বলেন, ‘ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে।’
বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকার প্রসঙ্গেও উদ্বেগ জানান তিনি। তার মতে, এ ধরনের পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শের পরিপন্থী। এ অবস্থায় বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়া বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ে তুলতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
