×

জাতীয়

সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম

সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে একে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রতারণার দলিল’ বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফশিল তুলে ধরে গত বছর জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি ভিত্তিহীনতা ব্যাখ্যা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। অথচ কোনো আইনি ভিত্তি ছাড়াই তিনি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছেন, যা তার এখতিয়ারের বাইরে। এ ধরনের পদক্ষেপ শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের শামিল।

আরো পড়ুন : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্য নির্বাচনের জন্য যে ব্যালট দিয়েছিল, সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্বের ম্যান্ডেট দিয়েছে, কোনো অস্তিত্বহীন পরিষদের সদস্য হওয়ার জন্য নয়।

তিনি ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’কে শুরু থেকেই বাতিল বা ‘ভয়েড অ্যাব ইনিশিও’ হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আর নেই। সংবিধানের চতুর্থ তফশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা রহিত হয়েছে। ফলে অবৈধভাবে জারি করা কোনো আদেশের ভিত্তিতে অধিবেশন আহ্বান করা যায় না। এটি কোনো আইন বা অধ্যাদেশ নয়, বরং সংসদের সার্বভৌমত্ব খর্বের একটি ব্যর্থ প্রচেষ্টা।

বিএনপি সংস্কার চায় না, এমন প্রচারণাকে বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন, ২০২৫ সালের জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি সমর্থন করে। তবে তাদের অবস্থান হলো- সংবিধানসম্মত উপায়ে এবং জনগণের সার্বভৌমত্ব বজায় রেখেই সংস্কার হতে হবে।

তিনি আরো জানান, জুলাই জাতীয় সনদের ৪৭টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তা ভবিষ্যতে সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে জনগণের ম্যান্ডেট অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App