×

জাতীয়

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী, চলচ্চিত্র-শিল্প নির্দেশক ও সংস্কৃতিকর্মী তরুণ ঘোষ। ছবি : ভোরের কাগজ

দেশের বিশিষ্ট চিত্রশিল্পী, চলচ্চিত্র-শিল্প নির্দেশক ও সংস্কৃতিকর্মী তরুণ ঘোষ আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে নেমেছে গভীর শোক। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। চিত্রকলা ও চলচ্চিত্র—উভয় ক্ষেত্রেই রেখেছেন অনন্য অবদান।

১৯৫৩ সালের নভেম্বরে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। শিল্পচর্চার প্রতি তার গভীর অনুরাগ থেকে ১৯৭৯ সালে তিনি রাজশাহী আর্ট কলেজে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে রূপান্তরিত হয়, যেখানে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

শিল্পী হিসেবে নিজেকে সমৃদ্ধ করতে তিনি ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের বরোদায় এম.এস. বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’ এ অংশ নেন। এই সময়ে তিনি লোকজ শিল্পধারার ওপর গভীর গবেষণা ও কাজ করেন যা পরবর্তীতে তাঁর চিত্রকর্মে বিশেষভাবে প্রতিফলিত হয়।

চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রেও তরুণ ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও ‘মাটির ময়না’, ‘নরসুন্দর’, ‘চন্দ্রাবতী কথা’ এবং সর্বশেষ ‘সখী রঙ্গমালা’ চলচ্চিত্রে তিনি শিল্প-নির্দেশকের দায়িত্ব পালন করেন, যা তাঁকে চলচ্চিত্রাঙ্গনেও সুপরিচিত করে তোলে।

তাঁর চিত্রকর্মে বাংলার লোকঐতিহ্য, পুরাণ ও ইতিহাস আধুনিক ব্যাখ্যায় জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে ‘বেহুলা’ সিরিজ শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক বৃহৎ ক্যানভাস সিরিজ, পাখি, প্রকৃতি, প্রতিকৃতি ও ব্যক্তিগত অনুভূতির নানা দিক তাঁর শিল্পে ফুটে উঠেছে।

তরুণ ঘোষের মৃত্যু দেশের শিল্পাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তবে তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন শিল্পপ্রেমীদের হৃদয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি সরকারের

জ্বালানিতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি সরকারের

‘বিচার বিভাগের জন্য আজ কালো দিন’

‘বিচার বিভাগের জন্য আজ কালো দিন’

জ্বালানি বাঁচাতে সবগুলো ওয়ানডে ম্যাচ দিনে হবে

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ জ্বালানি বাঁচাতে সবগুলো ওয়ানডে ম্যাচ দিনে হবে

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

আবু সাঈদ হত্যা মামলা গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App