যাত্রী কল্যাণ সমিতি
ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ার কারণে গণপরিবহনের ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ মন্তব্য করেন। ‘যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা’র প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনটির অভিযোগ, ৫২ আসনের বাসের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা থাকলেও তা প্রকাশ করা হয় না। ফলে আরামদায়ক ৪০ আসনের বাসের কথা বলে ৫২, ৫৫ ও ৬০ আসনের বাসেও একই হারে ভাড়া আদায় করা হচ্ছে।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে আনুপাতিক হারে ভাড়া সমন্বয় স্বাভাবিক হলেও মালিক সমিতি কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে একচেটিয়া সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যা ভোক্তা অধিকার আইনের পরিপন্থি।
তিনি বলেন, দূরপাল্লার বাসে কিলোমিটারভিত্তিক ভাড়া থাকলেও স্বল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে শেষ গন্তব্য পর্যন্ত পুরো ভাড়া আদায় করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বাসে আলাদা ভাড়া হার থাকলেও বাস্তবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এর আগে জ্বালানি তেলের দাম কমানোর সময় প্রতি টাকায় এক পয়সা হারে ভাড়া কমানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার লিটারে ১৫ টাকা মূল্য বৃদ্ধির কারণে ভাড়া সর্বোচ্চ ১৫ পয়সা পর্যন্ত বাড়ানো যেতে পারে।
তিনি এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, ক্যাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান রাসেল, আলমগীর কবির বিটু ও মনজুর হোসেন ইসা।
