বাসাবাড়ির ছাদে সোলার বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আবাসিক ভবনের ছাদ ব্যবহার করে সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করে সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা যেতে পারে। বাড়ির মালিক নিজের ব্যবহৃত বিদ্যুতের খরচ ভাড়ার সঙ্গে সমন্বয় করতে পারবেন। বাংলাদেশ এখন সোলার বিদ্যুতের জন্য প্রস্তুত, তবে এই খাতকে আরও এগিয়ে নিতে প্রয়োজন কার্যকর নীতিগত সহায়তা।
মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে সোলার খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে। বিনিয়োগকারীদের কর-সুবিধাসহ বিভিন্ন সহায়তার বিষয়েও আলোচনা চলছে। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই একটি নীতিমালা চূড়ান্ত হবে এবং জুনে মন্ত্রিসভার অনুমোদনের পর তা সরকারি আদেশ হিসেবে জারি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যাটারি বা সংরক্ষণ সুবিধা ছাড়া দিনের উৎপাদিত সোলার বিদ্যুতের পূর্ণ সুবিধা পাওয়া যায় না। বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে।
কোরবানির ঈদকে সামনে রেখে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যবসায়ী সংগঠনগুলো সময় আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।
অনুষ্ঠানে জানানো হয়, টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা ৯ মে পর্যন্ত চলবে। এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
