বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২০ পিএম
ছবি : ভোরের কাগজ
তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন বাংলাদেশের বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মানোন্নয়ন কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (১২ মে) সেলেবি এভিয়েশনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে । এসময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বৈঠকে অংশ নেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেন।
আলোচনায় মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং এর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়নে কোম্পানিটির পক্ষ থেকে একটি কনসেপ্ট পেপার আহ্বান করেন। এ ছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয় বলে জানানো হয়।
