ঈদুল আজহা
ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ এবং সহজ করতে আজ বৃহস্পতিবার (১৪ মে) ঈদ যাত্রার ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে বলেও জানা গেছে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।
অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে থেকে। ওইদিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।
