×

জাতীয়

চট্টগ্রাম

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:২৮ পিএম

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ভারতীয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে কূটনৈতিক অঙ্গনসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে নরেন ধরের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, নরেন ধর ভারতীয় নাগরিক এবং হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাইকমিশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি বিদেশি কূটনৈতিক মিশনের ভেতরে ঘটায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। মিশনের পক্ষ থেকেও ঘটনাটি নিয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।

নগর পুলিশের উত্তর জোনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনাস্থলে কোনো ধরনের সন্দেহজনক আলামত বা সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

এদিকে, ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাইকমিশনের এক কর্মকর্তা ফোনে বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। বর্তমানে মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App