×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

ইইউ’র সঙ্গে বাণিজ্য আরো সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

ইইউ’র সঙ্গে বাণিজ্য আরো সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো এবং নন-ট্যারিফ বাধা কমাতে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য পরিবেশকে আরো সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং ইইউ’র সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো সম্প্রসারণে সরকার আগ্রহী।

তিনি আরো বলেন, রফতানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। বিশেষ করে নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক। ইতোমধ্যে আমদানি নীতি আদেশ মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইইউ’র সঙ্গে গঠনমূলক আলোচনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা আরো জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান বাধা দূরীকরণে বাংলাদেশ সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু জটিল বিষয়ের টেকসই সমাধানে সময় লাগলেও সেগুলো নিয়ে গভীরভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

‘সরকার মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে’

‘সরকার মানবাধিকার কমিশনকে অকার্যকর করার পথে হাঁটছে’

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারকে নিয়ে দ্বিধায় ছিলেন আনচেলত্তি

শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারকে নিয়ে দ্বিধায় ছিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App