জুনেই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল আসছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১০ পিএম
ছবি : সংগৃহীত
আসছে জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ শুরু করা হবে।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদের বিশেষ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এই পাইপলাইন চালু হলে দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং পরিবহন খরচ ও সময় অনেকাংশে কমে যাবে।
চলমান আন্তর্জাতিক ভূরাজনীতি, বিশেষ করে দূরপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ দিতে গত এপ্রিল মাসে সরকারি ও বিরোধী দলের ৫ জন করে মোট ১০ জন সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে এই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও নিশ্চিত রাখতে নেওয়া বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গৃহীত নতুন নীতিমালা ও গাইডলাইন এবং দেশের সামগ্রিক জ্বালানি চিত্র তুলে ধরা হয়। একই সাথে বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান নীতিমালাকে বর্তমান সময়ের উপযোগী ও আধুনিক করার কাজ দ্রুত গতিতে চলছে এবং গ্যাস বিপণন নিয়মাবলি ইতিমধ্যেই হালনাগাদ করা হয়েছে। আন্তর্জাতিক এই সংকটের সময় দেশের জ্বালানি খাতকে সুরক্ষিত রাখতে বিরোধী দলের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সব পরামর্শ লিখিত আকারে কমিটিতে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আবদুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান বৈঠকে উপস্থিত থেকে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
