পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’
বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০৩ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করতে যাচ্ছে বিএনপি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের কথা বলা হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো ওই চিঠিতে আগের মতো পাসপোর্টে এই শর্ত যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্ত কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার পাসপোর্টে বেশ কিছু পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে এপ্রিল ও চলতি মাসের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব পরিবর্তনে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালু করা হয়। সে সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত—‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ এরপর থেকেই বিভিন্ন মহল থেকে শব্দবন্ধটি পুনর্বহালের দাবি ওঠে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।
আরো পড়ুন : ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট
এদিকে পাসপোর্টের জলছাপেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ই-পাসপোর্টের বিভিন্ন পাতায় থাকা ব্যক্তি, ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তিনির্ভর প্রতিষ্ঠানের ছবি বাদ দেওয়া হচ্ছে। চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
যেসব ছবি বাদ যাচ্ছে, তার মধ্যে রয়েছে—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ।
নতুন করে পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি। এছাড়া বঙ্গভবন, জামদানি শাড়ি, কাঁঠাল, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকত, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি পর্বত, রাজশাহীর আমবাগান, জাতীয় স্মৃতিসৌধ এবং পানাম নগরীর ছবিও স্থান পাচ্ছে।
আগের যেসব ছবি থাকছে, সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, হাতিরঝিল, বায়তুল মোকাররম, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন এবং জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম।
বুধবার বিকেলে স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, পাসপোর্টের ভেতরে থাকা কয়েকটি জলছাপ বাদ দেওয়া হচ্ছে এবং নতুন কিছু ছবি যুক্ত করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে সরকারপ্রধানের অনুমোদন পাওয়া যাবে।
