×

জাতীয়

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৭ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৭ জনের

ছবি : সংগৃহীত

দেশের তিন জেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলায় তিন শিশু, রংপুরে দুই শিশু এবং দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ জুন) এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

ভোলার দুই উপজেলায় তিন শিশুর মৃত্যু ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামশেদের দেড় বছর বয়সী কন্যা জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো. শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ছয় বছর বয়সী ছেলে সজিব।

জানা গেছে, বুধবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে মনপুরার হাজীরহাট ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুর :  রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘাটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দিঘাটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবিদ তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সাদ্দাম হোসেন পরিবার নিয়ে ঢাকা থেকে চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে তারা খানসামার জোয়ার এলাকার একটি লিচুবাগানে লিচু কিনতে যান। ফেরার পথে কালিরবাজার ঘাটে পৌঁছে চারজন একসঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন।

একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, কালিরবাজার ঘাট এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তে তলিয়ে গিয়েই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ডুবুরি দলের সহায়তায় উভয় মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল

ভাবি-ভাতিজা হত্যায় অভিযুক্ত ইউসুফ ডিবির হাতে গ্রেপ্তার

ভাবি-ভাতিজা হত্যায় অভিযুক্ত ইউসুফ ডিবির হাতে গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App