×

জাতীয়

বিশ্ব পরিবেশ দিবস আজ

তাপপ্রবাহ বাড়ছে, কমছে বন ও জলাশয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৩৩ এএম

তাপপ্রবাহ বাড়ছে, কমছে বন ও জলাশয়

ছবি : সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গাছপালা ও জলাশয় কমে যাওয়ায় প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।

তারা বলছেন, গাছ ও জলাশয় প্রাকৃতিকভাবে তাপ শোষণ করে পরিবেশকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গত দুই দশকে দেশে প্রায় দুই লাখ ৭০ হাজার হেক্টর বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে গেছে। একই সময়ে তাপপ্রবাহের দিন বেড়েছে প্রায় ১২ গুণ।

বিশেষজ্ঞদের মতে, এপ্রিল, মে ও জুন মাসেই সবচেয়ে বেশি তাপপ্রবাহ দেখা যায়। দীর্ঘদিন ধরে বন উজাড় ও নির্বিচারে গাছ কাটার কারণে প্রকৃতি তার স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা হারাচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে।

এমন পরিস্থিতিতে শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ন্যাশনাল হ্যাজার্ড’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে বাংলাদেশে তাপপ্রবাহের দিন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৯৯৪ সালে যেখানে সারা দেশে তাপপ্রবাহের দিন ছিল প্রায় ৫০, সেখানে ২০২৪ সালে তা ৩৭০ দিনেরও বেশি হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুরাদ আহমেদ ফারুখ।

১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত এ গবেষণায় দেশের আটটি বিভাগীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, গত ৩৫ বছরে রাজশাহীতে তাপপ্রবাহের দিন ছিল সবচেয়ে বেশি— এক হাজার ৭৮৫ দিন। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা, যেখানে তাপপ্রবাহের দিন এক হাজার ১১৭। রাজধানী ঢাকায় এ সংখ্যা ৫৯৩ দিন, যার বড় অংশই ২০১০ সালের পর রেকর্ড হয়েছে।

আরো পড়ুন : ঢাকাসহ ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

গবেষণায় আরো দেখা যায়, মোট তাপপ্রবাহের ৩৩ শতাংশ এপ্রিল, ২৮ শতাংশ মে এবং ১৫ শতাংশ জুন মাসে ঘটে। অর্থাৎ, এই তিন মাসেই মোট তাপপ্রবাহের প্রায় ৭৬ শতাংশ সংঘটিত হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে দুই লাখ ৭০ হাজার হেক্টর বনভূমি বা বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বনভূমি হারিয়েছে চট্টগ্রাম, যেখানে প্রায় দুই লাখ ৬০ হাজার হেক্টর বন উজাড় হয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুরেও বনাঞ্চল কমেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে দেশে বনাঞ্চলের পরিমাণ ছিল ১৯ লাখ ৮৫ হাজার হেক্টর। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার হেক্টরে। বর্তমানে দেশের মোট ভূমির মাত্র ১৪.৩৯ শতাংশ বনাঞ্চলের আওতায় রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম।

বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, পাহাড়ে কৃষি সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ ও নদীভাঙনসহ নানা কারণে বনভূমি কমছে। একই সঙ্গে যে হারে গাছ কাটা হচ্ছে, সে হারে নতুন গাছ লাগানো হচ্ছে না। আবার লাগানো চারারও অনেক ক্ষেত্রে যথাযথ পরিচর্যা করা হয় না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, একটি দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে সেই অনুপাত নেই। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন বনায়ন টিকিয়ে রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, চারাগাছকে অন্তত পাঁচ থেকে ১০ বছর পরিচর্যার আওতায় রাখতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই বন সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, গাছ ও জলাশয় প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু ঢাকার অধিকাংশ খাল এখন প্রায় বিলুপ্ত। যেগুলো আছে, সেগুলোর অনেকগুলোই দূষিত ও মৃতপ্রায়। তিনি অভিযোগ করেন, গাছ লাগানোর বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয় হলেও তার কার্যকর বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ঘাটতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো বাস পড়ল পদ্মায়

আবারো বাস পড়ল পদ্মায়

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে আশাবাদী ট্রাম্প

মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে আশাবাদী ট্রাম্প

তাপপ্রবাহ বাড়ছে, কমছে বন ও জলাশয়

বিশ্ব পরিবেশ দিবস আজ তাপপ্রবাহ বাড়ছে, কমছে বন ও জলাশয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App