টিআইবি
মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পেপার কাটিংনির্ভর প্রতিবেদন’ বলে মন্তব্য করেছেন। এর জবাবে টিআইবি বলেছে, এই ঢালাও অবস্থান অযৌক্তিক এবং মূল বিষয়কে পাশ কাটানোর ব্যর্থ প্রয়াস মাত্র।
মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় টিআইবি এ কথা জানায়।
বার্তায় টিআইবি উল্লেখ করে, তাদের প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনের কিছু বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, জাতীয় সংসদে আলোচনা ও পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার সংবাদে সংস্থাটি অনুপ্রাণিত হয়েছে। এরূপ প্রতিক্রিয়া টিআইবির প্রয়াসকে ফলপ্রসূ করতে সহায়ক বলে তারা মনে করে।
টিআইবি জানায়, তারা কোনো তদন্ত সংস্থা নয়, বরং গবেষণানির্ভর দুর্নীতিবিরোধী ও সুশাসনবিষয়ক অ্যাডভোকেসি, জনসচেতনতা ও জনসম্পৃক্ততাভিত্তিক পরিবর্তন প্রত্যাশী সংগঠন। সামাজিক বিজ্ঞান গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহের পদ্ধতি অনুসরণ করে তারা প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এবং বহুমাত্রিক প্রক্রিয়ায় যথার্থতা যাচাইপূর্বক বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন করে।
প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে টিআইবির তথ্যসূত্র হিসেবে বাংলাদেশ পুলিশ ও তিনটি সুপরিচিত মানবাধিকার সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। তাই টিআইবির প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংনির্ভর—মন্ত্রীর এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জানায় সংস্থাটি।
তারা আরও বলে, সামাজিক বিজ্ঞান গবেষণার স্বীকৃত চর্চা অনুযায়ী টিআইবি গণমাধ্যমের তথ্যও সংগ্রহ করে, তবে তা ব্যবহারের আগে যথাযথ প্রক্রিয়ায় গুণগত মান যাচাই করা হয় এবং একই বিষয়ে সরকারি, বেসরকারি ও প্রত্যক্ষ-পরোক্ষ সব সূত্রের তথ্যের আলোকে বিশ্লেষণ করা হয়। অতএব প্রতিবেদনকে ঢালাওভাবে পত্রিকার কাটিংনির্ভর বলা অযৌক্তিক ও মূল বিষয় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা।
টিআইবির প্রশ্ন, জনপ্রতিনিধি, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি নিজেদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বা কার্যক্রমের প্রচারে গণমাধ্যমের ওপর নির্ভর করেন না? তাহলে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বা তার বিরুদ্ধে অপপ্রচারের নামে গণমাধ্যমের তথ্যকে এভাবে অবমূল্যায়ন করার যুক্তি নেই।
পুলিশ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে টিআইবির মূল পর্যবেক্ষণ—আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক—এর সঙ্গে দ্বিমত পোষণ করেননি বলেও উল্লেখ করে টিআইবি জানায়, তবে পূর্বের কোনো মেয়াদের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের প্রত্যাশা তাদের প্রতিবেদনের পরিধির বাইরে হওয়ায় এ বিষয়ে মন্তব্য করা যৌক্তিক নয়।
